(1)এই আইনের অধীন পলাতক অপরাধীর বিরুদ্ধে কোনো কার্যধারায়, প্রদর্শনী ও জবানবন্দি, উহা যাহার বিরুদ্ধে ব্যবহার করা হয় তাহার উপস্থিতিতে গ্রহণ বা গৃহীত হউক বা না হউক, এবং উহার অনুলিপি এবং তথ্যের সরকারি সনদ ও তথ্য বিবৃতকারী বিচারিক দলিল, যথাযথভাবে প্রমাণীকৃত হইলে, সাক্ষ্য হিসাবে গ্রহণ করা যাইতে পারে।
(2)বাংলাদেশের বাহিরের কোনো বিচার বিভাগীয় আদালত কর্তৃক জারি, গ্রহণ বা গৃহীত বলিয়া প্রতীয়মান পরোয়ানা, জবানবন্দি বা শপথে বিবৃতি বা উহার অনুলিপি এবং কোনো এরূপ আদালতের সামনে দণ্ডাদেশের সনদ বা তথ্য বিবৃতকারী বিচারিক দলিল নিম্নলিখিতভাবে যথাযথভাবে প্রমাণীকৃত বলিয়া গণ্য হইবে,-
(ক) যদি পরোয়ানা উহা যেখানে জারি করা হয় সেই রাষ্ট্রের বা সেই রাষ্ট্রের পক্ষে কার্যরত বিচারক, ম্যাজিস্ট্রেট বা কর্মকর্তা দ্বারা স্বাক্ষরিত বলিয়া প্রতীয়মান হয়;
(খ) যদি জবানবন্দি বা বিবৃতি বা উহার অনুলিপি উহা যেখানে গৃহীত হয় সেই রাষ্ট্রের বা সেই রাষ্ট্রের পক্ষে কার্যরত বিচারক, ম্যাজিস্ট্রেট বা কর্মকর্তার স্বাক্ষরে মূল জবানবন্দি বা বিবৃতি বা উহার প্রকৃত অনুলিপি বলিয়া প্রত্যয়িত বলিয়া প্রতীয়মান হয়, ক্ষেত্রমত;
(গ) যদি দণ্ডাদেশের সনদ বা তথ্য বিবৃতকারী বিচারিক দলিল যেখানে দণ্ডাদেশ হয় সেই রাষ্ট্রের বা সেই রাষ্ট্রের পক্ষে কার্যরত বিচারক, ম্যাজিস্ট্রেট বা কর্মকর্তা দ্বারা প্রত্যয়িত বলিয়া প্রতীয়মান হয়; এবং
(ঘ) যদি পরোয়ানা, জবানবন্দি, বিবৃতি, অনুলিপি, সনদ ও বিচারিক দলিল, ক্ষেত্রমত, কোনো সাক্ষীর শপথে অথবা উহা যেখানে যথাক্রমে জারি, গৃহীত বা প্রদান করা হয়, সেই রাষ্ট্রের কোনো মন্ত্রীর সরকারি সীল দ্বারা প্রমাণীকৃত হয়।
(3)এই ধারার উদ্দেশ্যসাধনকল্পে, "পরোয়ানা" বলিতে অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত কোনো ব্যক্তির গ্রেপ্তারি আদেশ প্রদানকারী যে কোনো বিচারিক দলিল অন্তর্ভুক্ত।